নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

হামজার খেলা দশে দশ ফারহানের প্রশাংসায় কোচ।

স্পোর্টস ডেস্ক।

বাংলাদেশের বড় জয়ে অধিনায়ক হামজা চৌধুরী ও তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কোচ থমাস ডুলি। হামজার খেলাকে ১০-এ ১০ নম্বর দেওয়ার পাশাপাশি ফারহানের চোখধাঁধানো গোলকে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা গোল হিসেবে উল্লেখ করেছেন তিনি।

গতকাল বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ২ ফুটবলারের প্রশংসা করেন কোচ ডুলি।

ম্যাচের ৫৩তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন ফারহান। বাঁ প্রান্ত দিয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। তাঁর এই গোল দেখে মুগ্ধ হন সতীর্থ ও দর্শকেরা।

ফারহানের গোল নিয়ে ডুলি বলেন, এটি অসাধারণ একটি গোল। ডিফেন্ডারদের কাটিয়ে যেভাবে তিনি শট নিয়েছেন, তা ছিল দুর্দান্ত। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এমন গোল খুব বেশি দেখেননি বলেও জানান তিনি। তাঁর মতে, নিজের কোচিং করানো দলগুলোর ফুটবলারদের করা সেরা গোলগুলোর মধ্যে এটি অন্যতম।

এ সময় হামজার একটি ব্যাকহিল শটের কথাও উল্লেখ করেন ডুলি। ম্যাচের ২৬তম মিনিটে রাকিব হোসেনের পাস থেকে ব্যাকহিলে গোলের চেষ্টা করেছিলেন হামজা। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমেই গোলের দেখা পান হামজা। ম্যাচের ৪৩তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল। এর আগে শমিত সোমের প্রথম গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই মিডফিল্ডার।

amardesh24.com

 

আরও পড়ুন