নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীতে মাদক- টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার।

শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির প্রায় ১১ লাখ টাকাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।

গতকাল বুধধবার বিকেলে শাহআলী থানার রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসিম (৩০) ও শিউলি আক্তার (২৭)।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল জানতে পারে, শাহআলীর রাসেল পার্ক এলাকায় কয়েকজন মাদক কারবারি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে নাসিম ও শিউলি আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদে তাঁর স্বামী মো. রিপন হাসান (৩৮) মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই দম্পতির ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন পালিয়ে যান। পরে বাসাটি তল্লাশি করে আরও ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করতেন।

পরে শাহআলী, পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা দামে এসব মাদক বিক্রি করতেন।

এসআরবি জানায়, গ্রেপ্তার দুজনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন