জমি নিয়ে পূর্ববিরোধের জেরে একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে, এ ঘটনায় দোকানমালিক ও তাঁর ভাতিজাকে মারধর করে আহত করা হয়েছে,গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকায় দুলাল মিঞার সমাজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, রিপন ও স্বপনের নেতৃত্বে মোহাম্মদ শরীফ, ফরহাদসহ ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল হঠাৎ আলী আকবরের দোকানে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা দোকানে ভাঙচুর করে ক্যাশে রাখা প্রায় ২ লাখ টাকা নিয়ে যায়। বাধা দিতে গেলে দোকানমালিক আলী আকবর ও তাঁর ভাতিজা আলী আজমকে মারধর করা হয়। একই সঙ্গে দোকানের পেছনে থাকা একটি বসতঘরেও ভাঙচুর চালানো হয়।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এর আগেও অভিযুক্তরা তাঁদের ভয়ভীতি দেখানোসহ দোকানে আগুন দেওয়ার হুমকি দিয়েছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের মো. রিপন। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ঘটনার দিন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে দোকানে হামলা, ভাঙচুর কিংবা টাকা লুটের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
amardesh24.com









