আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনে গতি আসবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও রেল পরিচালনার ব্যয় কমবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আধুনিক এই বৈদ্যুতিক ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে পারবে।
প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুট নির্বাচন করা হয়েছে। এর পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এর সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় পরিসরে নির্মাণকাজ শুরু হবে।
পাইলট প্রকল্পের আওতায় আমদানি করা হবে ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকায় দিক পরিবর্তনের জন্য আলাদা সময় লাগবে না। ফলে নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সহজ হবে।
amardesh24.com









