স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবের চেয়েও বড় অর্জন হলো একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।সবাইকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং বহু মানুষের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে।
এ সময় মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংবর্ধনা এবং সম্মানী দেওয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরের বছর ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়, যা ছিল সময়োপযোগী সিদ্ধান্ত।
বয়সের ভারে ন্যুব্জ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, জীবনের শেষ পর্যায়ে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। জীবন্ত কিংবদন্তিদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে ধন্যবাদ ও প্রশংসা জানান তিনি।
ভবিষ্যতের অঙ্গীকার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
amardesh24.com









