হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) নেতাকর্মীরা। সংগঠনের শীর্ষ ২ নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গতকাল শুক্রবার এ হামলা চালান তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবাচরণ রেড্ডির নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় মেটা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কয়েকটি পোস্ট পুনরায় প্রকাশের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভের ভিডিওতে দেখা যায়, যুব কংগ্রেসের নেতাকর্মীরা মেটার কার্যালয়ের বিভিন্ন কক্ষে ও ক্যাফেটেরিয়া এলাকায় ছোটাছুটি করছেন। এ সময় কয়েকজনকে ফুলের টব ভাঙচুর করতেও দেখা যায়।
যুব কংগ্রেসের অভিযোগ, সংগঠনটির জাতীয় সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে মেটা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেটাকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। এ সময়ের মধ্যে অ্যাকাউন্ট ও পোস্টের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে তারা।
amardesh24.com









