চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় বোর্ডের প্রোগ্রামারসহ ৩ কর্মচারীকে গ্রেপ্তার করেছে (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদ ইসলাম, শহিদুল আলম জিসান এবং প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।
এর আগে বুধবার রাতে সিআইডির ঢাকার ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ফরহাদের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি হালিশহরে, আর মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের ৩ কর্মীর জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।
থানার নথি অনুযায়ী, গ্রেপ্তারের পর ৩ জনকে পাঁচলাইশ থানা হাজতে রাখা হয়। তবে তৃতীয় আসামি মো. আবদুল মালেক আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত। তার স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় আসেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের ৩ কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩-কে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-কে ৮২ করা হয়। গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এর আগেও এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলেও নানা অসঙ্গতির কারণে আদালত তা গ্রহণ করেননি। ফলে আগের মামলার তদন্ত নিয়েও প্রশ্ন রয়ে গেছে।
ওসি মোজাম্মেল বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী।
amardesh24.com








