সাবেক শেখ হাসিনার বিমান চাওয়া এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, এটি এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতেই তাঁরা সীমান্ত এলাকায় ঘুরে এসেছেন।
শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।
শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন, তা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
তাঁর ভাষ্য, শেখ হাসিনা সেখানে আশ্রয়ে, পর্যটন ভিসায় নাকি অন্য কোনো ব্যবস্থায় রয়েছেন, তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাঁর রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
amardesh24.com





