নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
জলবায়ু পরিবর্তনসহ নানান কারণে বিশ্বে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।
দূষিত বায়ুর শহরের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আর ১৪৩ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ অবস্থায় ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠী’র জন্য ‘অস্বাস্থ্যকর’।আজ মঙ্গলবার সকাল ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম, যার স্কোর ১৫৮। উভয় শহরের বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৫৩। চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, যেখানে বায়ুমানের স্কোর ১৫১।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।









