নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা।

নিউজ ডেস্ক।

বুধবার ১৬ জুলাই ২০২৫

 ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও এলো জুলাই মাস। জুলাই আন্দোলনে উত্তাল যখন দেশ তখনই আলোচনায় আসে রংপুর জেলা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর জিলা স্কুলসহ পুরো জেলাই তখন সংগ্রামে উত্তাল। সময়ের পরিক্রমায় আবারও এলো জুলাই শাহদ দিবস। আজ শহিদ আবু সাইদের প্রথম শাহাদৎ বার্ষিকী।

আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাঈদ ভাই ও বোনের মধ্যে সবার ছোট। তিনি ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ১৬ জুলাই বেলা আড়াইটা থেকে ৩টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ তার ওপর গুলি ছুঁড়ে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন।

এক পর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। সেদিনের শহিদ আবু সাইদের মৃত্যুর ঘটনার স্মৃতি রোমন্থন করে তার বাবা মকবুল হোসেন বলেন, হঠাৎ খবর আসে আবু সাইদের গায়ে গুলি লেগেছে। মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে মাথায়।

পরিবারের সদস্যরা রংপুরে গেলেও লাশ দেখা নিয়ে চলে অনেক নাটকীয়তা। পরে রাতে লাশ নিয়ে এলেও আমি মুখ ছাড়া কিছুই দেখতে পারিনি। পুলিশের চাপ আর জরুরি দাফনের ব্যবস্থা করতে সবাই ব্যস্ত। স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পরে আমার বাসায় জনতার ঢল। আজও আমার ছেলে আবু সাইদের হত্যায় যারা আসামি তাদের আইনের আওতায় আনা হয়নি। আমি বেঁচে থাকতেই আমার সন্তানের হত্যার বিচার দেখে যেতে চাই।

শহিদ আবু সাইদের মা মনোয়ারা বেগম বলেন, আজও সব আছে, কিন্তু আবু সাইদ নেই। পাখির মতো গুলি করে আবু সাইদকে শহিদ করা হয়। যারা হত্যাকান্ডের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হোক এবং বিচার করা হোক।

শহিদ আবু সাইদের ভাই রমজান আলী জানান, আবু সাইদের মৃত্যুর পরেও দোষীরা আছে বহাল তবিয়তে। অনেকে এখনও গ্রেফতার হয়নি। শহিদ আবু সাইদ ফাউন্ডেশন করে আমরা কর্মের মধ্যে আবু সাইদকে বেঁচে রাখতে চাই।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন