স্পোর্টস ডেস্ক।
শুক্রবার ২৫ জুলাই ২০২৫
সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার। কিন্তু প্রথম ২ টি-টোয়েন্টিতে দাপট নিয়ে খেলা বাংলাদেশকে শেষ ম্যাচে খুঁজেই পাওয়া গেলো না, হারলো ৭৪ রানের বড় ব্যবধানে।
শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কোনোমতে হোয়াইটওয়াশের লজ্জা কাটিয়ে নিয়েছে পাকিস্তা। লিটন দাসের দল সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেট ১৭৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ১৭৯ রান। রান তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চম ওভারেই ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
প্রথম ওভারের দ্বিতীয় বলেই সালমান মির্জাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়েছিলেন তানজিদ তামিম। বল হালকা করে ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষকের কাছে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জেতে পাকিস্তান। শূন্য রানেই ফেরেন তামিম।
এরপর লিটন দাস বরাবরের মতো ক্লাসিক্যাল শট খেলে শুরু করার পর হতাশ করেছেন। ৮ বলে ৮ করে ফাহিম আশরাফের বলে পরিষ্কার বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ১০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজ, জাকের আলী আর শেখ মেহেদী তাদের দেখানো পথেই হেঁটেছেন। মিরাজ (৮ বলে ৯) ফাহিম আশরাফের বলে মিডঅনে দেন ক্যাচ। জাকের আলী (২ বলে ১) আর শেখ মেহেদী (২ বলে ০) দুজনই সালমান মির্জার এক ওভারে বোল্ড।
শামীম পাটোয়ীরও বোল্ড হওয়া থেকে বাঁচতে পারেননি। পার্টটাইমার আগা সালমানের স্পিনে কাট করতে গিয়ে স্টাম্প হারান। ৫ বলে করেন ৫ রান।
টুকটুক করে নাইম শেখ শেষ পর্যন্ত ১৭ বলে করেছেন ১০ রান। নেই কোনো বাউন্ডারি। বড় শট খেলতে গিয়ে মিডঅন আকাশে তুলে দেন সহজ ক্যাচ। পঞ্চাশের আগে (৪৫ রানে) ৭ উইকেট হারিয়ে বড় হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
শেষদিকে মো, সাইফ, ৩৪ বলে ২টি করে ৪-ছক্কায় ৩৫ রানের হার না মানা ইনিংসে দলকে একশ পার করে দিয়েছেন।পাকিস্তানের সালমান মির্জা ৩টি, ফাহিম আশরাফ আর মোহাম্মদ নওয়াজ নেন দুটি করে উইকেট।
আমারদেশ২৪ নিউজ।





