ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নেইমারজুনিয়র। মরক্কোর বিপক্ষে ড্র হওয়া প্রথম ম্যাচে অনুপস্থিত থাকার পর হাইতির বিপক্ষেও তাকে ছাড়াই মাঠে নামছে সেলেসাও। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইনজুরি থেকে সেরে ওঠার শেষ ধাপে রয়েছেন নেইমার। ঝুঁকি এড়াতে তাকে নিউ জার্সিতেই রাখা হয়েছে, যেখানে দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রে চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গত ১৭ জুন প্রথমবার জাতীয় দলের অনুশীলনে অংশ নিলেও, তাকে এখনো শারীরিক সংস্পর্শ বা ট্যাকলভিত্তিক অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি। চোটের অগ্রগতি পর্যবেক্ষণে নিয়মিত মেডিকেল পরীক্ষা ও স্ক্যান করা হচ্ছে।
amardesh24.com









