বলিউডের সুপরিচিত অভিনেত্রী দিব্যা দত্ত এবার নতুন মঞ্চে হাজির হয়েছেন। দীর্ঘদিন হিন্দি চলচ্চিত্রে অভিনয় করলেও তাকে কেন্দ্রীয় চরিত্রে খুব একটা দেখা যায়নি। এবার চ্যালেঞ্জ নিতে তিনি পা রাখলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
তেলেগু ভাষার ওয়েব সিরিজ ‘মায়াসভা’-তে একজন প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে দেখা গেছে দিব্যাকে। সিরিজটি ইতোমধ্যেই সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ৭ আগস্ট। মুক্তির পর সমালোচকরা তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
নতুন অভিজ্ঞতা নিয়ে দিব্যা দত্ত বলেন, ‘আমি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাই। এই সিরিজে কাজের পর যে প্রশংসা পেয়েছি, তাতে আমি ভীষণভাবে আপ্লুত। আশা করি সামনে আরও এমন কাজ আসবে যেখানে নিজেকে প্রমাণ করতে পারব।’
৪৭ বছর বয়সী এ অভিনেত্রী স্বীকার করেন, প্রথমে ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। তবে চরিত্রে ইংরেজি সংলাপ থাকায় ভাষাগত সমস্যার মুখে পড়তে হয়নি।দিব্যা দত্তর এই নতুন যাত্রা আঞ্চলিক চলচ্চিত্রে তাকে আরও বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করবে বলে মনে করছেন সমালোচকরা।









