ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু। তবে শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছেন। আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, মেঘমল্লার পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। এই পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ হোসেন, যিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট।
ডাকসুর শীর্ষ ৩টি পদ- সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহসাধারণ সম্পাদক (এজিএস)- এবার সবকটিতেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, আর এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত ছিলেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে স্থাপন করা হয়েছিল ৮১০টি বুথ।
ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সূর্যসেন হলে ভোটগ্রহণের হার সর্বোচ্চ ৮৮ শতাংশ, আর বিভিন্ন হলে গড়ে ৬৩ থেকে ৮৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।উল্লেখ্য, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৯ জন প্রার্থী। ভিপি পদে প্রার্থী ছিলেন ৪৫ জন এবং এজিএস পদে ২৫ জন।









