আমারদেশ২৪ ডেস্ক।
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, একই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে হাইমচর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রি করায় ‘ইসলামিয়া হোটেল’ নামের একটি প্রতিষ্ঠানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই হোটেল থেকে প্রায় ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
অন্যদিকে, একই বাজারের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে, সরকারি নিষেধাজ্ঞা ও আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে হাইমচর থানা পুলিশের একটি দল শান্তি-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
amardesh24.com








