সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ,
আজ মঙ্গলবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সৌরভ চন্দ্র পীরগঞ্জ ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মোহন্তের ছেলে। তিনি গাজীপুরের ১টি পোশাক কারখানায় কাজ করতেন।
প্রায় ২ মাস আগে সৌরভের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার ভিডিওটি আবারও ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ আমিনুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন, পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকালে বগুড়া থেকে সৌরভকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে উত্তেজিত লোকজন সৌরভ ও তাঁর স্বজনদের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি ঘরের বেড়া ভাঙচুর করা হয় এবং আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় আরেকটি মামলা করেন। ওই মামলায় শফিকুল ইসলাম আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ২ আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
amardesh24.com









