বিনোদন ডেস্ক।
নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটি জারির ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে দেশের টেলিভিশন ও অনলাইন মাধ্যমের প্রযোজক, নির্দেশক, শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত সংগঠনসমূহ।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে টেলিভিশন শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠনের পক্ষে এই প্রতিবাদ লিপি প্রকাশ করা হয়। প্রতিবাদ লিপিতে বলা হয়, সম্প্রতি রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ জারির বিষয়টি টেলিভিশন ও বিনোদন অঙ্গনের পেশাজীবিদের মাঝে গভীর উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি করেছে।
বাংলাদেশের টেলিভিশন ও অডিওভিজ্যুয়াল শিল্প দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতি, বিনোদন, সৃজনশীলতা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নাটক, সিনেমা ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে সৃজনশীল স্বাধীনতা, শিল্পীর মতপ্রকাশের অধিকার এবং প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনগুলোর নেতারা উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও প্রচলিত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় তার প্রতিকার করার সুযোগ রয়েছে। কিন্তু একটি সম্পূর্ণ সৃজনশীল মাধ্যমের নির্দিষ্ট কোনো ধারার নির্মাণ বন্ধের উদ্যোগ টেলিভিশন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত অসংখ্য মানুষের কর্মসংস্থান ও সৃজনশীল কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলতে পারে।
amardesh24.com









