স্পোর্টস ডেস্ক।
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পাশাপাশি বিব্রতকর এক রেকর্ড গড়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউট হয়েছে তারা।ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তানের মেয়েরা
শনিবার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি ছিল পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচটি স্মরণীয় করে রাখার সুযোগ থাকলেও ব্যাটিং বিপর্যয়ে সেটি আর হয়ে ওঠেনি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় পাকিস্তান।
পাকিস্তানের ইনিংসে শুরুটা অবশ্য আশাব্যঞ্জকই ছিল। প্রথম উইকেট জুটিতে শাওয়াল জুলফিকার ও মুনিবা আলি যোগ করেন ২৭ রান। মুনিবা করেন ১৩ রান, আর জুলফিকারের ব্যাট থেকে আসে ১৪ রান।
তবে শাফালি ভার্মার বলে মুনিবা বোল্ড হওয়ার পরই পাকিস্তানের ইনিংসে ধস নামে। ষষ্ঠ ওভারে শ্রী চরণী পরপর দুটি আঘাত হানেন। গুল ফেরোজাকে শূন্য রানে ফেরানোর পর জুলফিকারকেও সাজঘরে পাঠান তিনি। এতে ২৯ রানেই পাকিস্তান হারায় তৃতীয় উইকেট।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অষ্টম ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩২ রান। শ্রী চরণী, প্রেমা রাওয়াত ও দিপ্তি শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেননি।
১৩তম ওভার শেষ হওয়ার আগেই ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান করে পাকিস্তান। শেষ পর্যন্ত আরও তিনটি উইকেট হারিয়ে ৫৫ রানেই থামে তাদের ইনিংস।
ভারতের হয়ে শ্রী চরণী ও প্রেমা রাওয়াত তিনটি করে উইকেট নেন। চরণী চার ওভারে মাত্র ৭ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। রাওয়াত তিন উইকেট নিতে খরচ করেন ৯ রান। দিপ্তি শর্মা ৫ রান দিয়ে নেন দুটি উইকেট।
এর আগে নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৬৩ রান। ২০১২ সালের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষেই সেই সংগ্রহ করেছিল তারা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে ৫৫ রানে অলআউট হলো পাকিস্তান।
amardesh24.com









