(বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের নারীদের রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে নাবলেও মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী নারী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মতপ্রকাশের কারণে গ্রেপ্তার হওয়া নারীদের পরিবারের পাশেও সংগঠনটির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে খাদিজা, নুসরাতসহ অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার প্রতিটি ক্ষেত্রেই জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে। অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সংগঠনটির নেতাকর্মীদের কণ্ঠ সবসময় সোচ্চার ছিল।
নারীর অগ্রগতি ও উন্নয়নের জন্য ক্ষমতায়ন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শ ও দর্শন ধারণ করে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্যাস ও জ্বালানির বর্তমান সংকটের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিও জড়িত। আমেরিকা ও ইরানের যুদ্ধ চলমান থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে সমস্যা তৈরি হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে।
তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুয়েত, বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে গ্যাসবাহী কার্গো দেশে আসতে শুরু করেছে।
মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে কিছু সময় গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছিল জানিয়ে রিজভী বলেন, ত্রুটি ইতোমধ্যে ঠিক করা হয়েছে। ধীরে ধীরে গ্যাসের সরবরাহও স্বাভাবিক হয়ে আসছে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনে সরকার অতিরিক্ত ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করবে। এ জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রিজভী বলেন, মানুষের আয় ও ব্যয়ের সামঞ্জস্য বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনার সুযোগ নিশ্চিত করতে সরকার বাজারে হস্তক্ষেপ করছে।
বর্ষা শেষে শরৎকালে সাধারণত শাকসবজি, চাল, ডাল, লবণসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের কারণে এবার প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি। এর ফলে আগস্টে মূল্যস্ফীতিও অনেক কমেছে।
বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সামাজিক নিরাপত্তা, উন্নয়ন ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার মতো কর্মসূচি রয়েছে।
শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটিকে বিএ ও বিএ অনার্স পর্যন্ত সম্প্রসারণ করে অবৈতনিক ঘোষণা করেছেন। এসব উদ্যোগের মাধ্যমে নারীদের শিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি তাদের ক্ষমতায়নের পথ আরও সুগম হচ্ছে।
amardesh24.com









