স্পোর্টস ডেস্ক।
এশিয়ান গেমসে প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল।জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও সাম্প্রতিক সময়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ থেকে চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি অংশ নিলে পঞ্চম হওয়া বাংলাদেশও বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন কোচ জাহিদ হোসেন রাজু।
তিনি বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে পঞ্চম হলে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’
রাজুর অধীনে বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি বিকেএসপির হকির প্রধান কোচ হিসেবে দেশের নারী হকি নিয়ে কাজ করছেন। অনূর্ধ্ব-২০ দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করেছি এলিট গ্রুপের জাপানের সঙ্গে। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফলাফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’
মালয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ। চীনের হুলুনবুইর শহরে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
amardesh24.com









