আন্তজাতিক ডেস্ক।
বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। একই সময়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
গতকাল সোমবার মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশিদের জন্য আবারও দেশটির শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেডের অধীনে ওই চাহিদাপত্রের সত্যায়ন দেওয়া হয়েছে।
তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই বহুল প্রত্যাশিত শ্রমবাজারটি চালু হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এর আগে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক, দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালানো হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনিশ্চয়তা বাড়ছিল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। সফরকালে বাংলাদেশ থেকে আবারও কর্মী নিয়োগ শুরুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর ওই সফরের পর নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত হয়। তবে এখন পর্যন্ত দুই দেশের কোনো পক্ষ থেকেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে কনস্যুলেট প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর না করার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। একই সঙ্গে সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
amardesh24.com









