রোজাকে সামনে রেখে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে ফল ৩টির আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
পাশাপাশি আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করছে এনবিআর।
গতকাল মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কার্যকর থাকবে। এর ফলে ফলটির আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে আসবে।
অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ দুই ফলের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ও ভ্যাট রাখা হয়েছে ২০ শতাংশ। এতে আপেল ও কমলা আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আপেল ও কমলার জন্য শুল্কের নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআরের প্রত্যাশা, শুল্ক কমানোর ফলে ফল তিনটি আমদানি করা সহজ হবে এবং বাজারে সরবরাহ বাড়বে। এতে ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।
এর আগে আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী বছরগুলোতে আমদানির পরিমাণ।
ধারাবাহিকভাবে কমে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার টনে দাঁড়ায়। আলোচিত সময়ের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন আমদানি। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
amardesh24.com




