মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় ঘটনার জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপই মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।’
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
এদিকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই রাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। রাড্ডার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছিলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পর তার দলীয় পদ ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
amardesh24.com









