নিজস্ব প্রতিবেদক।
ঢাকা মহানগরসহ দেশের ৭ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে আরও চার প্লাটুন বিজিবি সদস্য। এ ছাড়া গোপালগঞ্জসহ ৭ জেলায় আনসার ব্যাটালিয়নের ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
গতকাল শনিবার ২১ নভেম্বর বিজিবি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ১২ দিনে (৭ থেকে ১৯ নভেম্বর) ৮৭টি স্থানে ককটেলের বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৭ জন সদস্যসহ মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলা এবং ঢাকা মহানগরীতে ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
amardesh24.com





