আন্তর্জাতিক ডেস্ক।
দাম নিয়ন্ত্রণে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল পর্যন্ত ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার উদ্যোগ নিয়েছে জি৭ দেশগুলো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে আগামী চার মাসে ধাপে ধাপে এসব জ্বালানি বাজারে সরবরাহ করা হবে। বাজারে স্থিতিশীলতা ফেরানো এবং বিশেষ করে ডিজেলের দাম কমানোই এ উদ্যোগের লক্ষ্য।
গতকাল শুক্রবার জি৭ নেতাদের এক ভিডিও বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ সিদ্ধান্তের কথা জানান। জোটটির বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মাখোঁ বলেন, সদস্যদেশগুলো সমন্বিতভাবে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম কমাতে কাজ করতে চায়।
এর আগে বৃহস্পতিবার রাতে মাখোঁর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরদিন সকালে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে জি৭ নেতাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প জানান, ইউরোপ তাদের মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে এবং এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইউরোপ তাদের বিপুল পরিমাণ মজুত করা ডিজেল তেল থেকে বিশাল পরিমাণ ছাড়তে সম্মত হয়েছে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।’
প্যারিসের এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত জি৭ নেতাদের যৌথ বিবৃতিতেও মজুত থেকে জ্বালানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাজার স্থিতিশীল রাখতে সমন্বিতভাবে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়া হবে। আগামী চার মাসে ধাপে ধাপে এসব জ্বালানি বাজারে সরবরাহ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই জি৭ সদস্য ও অংশীদার দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়বে। ফলে উদ্যোগটির প্রাথমিক পর্যায়েই জ্বালানি সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
জি৭ জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। ইউরোপীয় ইউনিয়নও জোটটির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপের ডিজেল মজুত ছাড়ার বিষয়ে সমঝোতা করতে বৃহস্পতিবার রাতে মাখোঁর সঙ্গে এবং শুক্রবার সকালে জি৭ নেতাদের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প।
জ্বালানির দাম কমানোর এ উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হচ্ছে, যখন বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ জ্বালানি বাজারে ছাড়ার মাধ্যমে সরবরাহ বাড়িয়ে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে জি৭ দেশগুলো। তবে এ উদ্যোগের ফলে বাজারে দাম কতটা কমবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
amardesh24.com









