সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর ৪টি নামি বারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত টিম।
আজ শনিবার সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব প্রতিষ্ঠানে যৌথ অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করে।অভিযান চালানো অন্য তিনটি প্রতিষ্ঠান হলো- ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল এবং মার্গারিটা লাউঞ্জ।
সিআইআইডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার বিভিন্ন বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ এবং ডিউটি ফ্রি শপে অননুমোদিত উৎস থেকে মদ ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, বিপুল পরিমাণ শুল্ক-ভ্যাট ও আয়কর ফাঁকি এবং লাইসেন্সবিহীন ব্যক্তির কাছে মদ বিক্রির অভিযোগ উঠেছিল।
এসব অভিযোগ খতিয়ে দেখতে সিআইআইডির নেতৃত্বে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চারটি পৃথক দল এই অভিযান পরিচালনা করছে।
amardesh24.com









