পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মো. আলমগীর হোসেন (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মো. সজীব আহত হয়েছেন।গতকাল শনিবার দিবাগত রাত ১২ ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন এবং প্রেষণে ফেনীস্থ র্যাব-৭-এ দায়িত্ব পালন করছিলেন।
আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালাচ্ছিলেন এসআরবি সদস্যরা।
এ সময় তল্লাশি দল একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি অপর একটি ট্রাককে থামার সংকেত দেয়। ট্রাকটি না থেমে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে রাস্তার বাম পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায় ট্রাকটি।
৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এসআরবি সদস্য আলমগীর ও ট্রাকচালক মো. সজীবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, দায়িত্বপালনরত অবস্থায় গাড়িচাপায় আমাদের সদস্য মো. আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
amardesh24.com









