নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার, এ লক্ষ্যে পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে নতুন সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রোববার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারার নির্ধারিত কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে ‘গার্মেন্টস’ শিল্প খাতের জন্য এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
গেজেট অনুযায়ী, বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে বোর্ডে মালিকদের প্রতিনিধিত্বকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই বোর্ড পোশাকশ্রমিকদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণে কাজ করবে।
amardesh24.com
.









