বৈধ কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানসূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে পশ্চিম রঘুনাথপুরের ‘মেসার্স এনএসবি ব্রিকস’ এবং নিতপুরের ‘মেসার্স কেইবিসি ব্রিকস’ কর্তৃপক্ষকে দুটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
একই সঙ্গে বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত দুটি ভাটারই সমস্ত সংস্কার ও পুনর্নির্মাণ কাজ বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ সুরক্ষায় জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
amardesh24.com









