সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাঃ শিশির মনির বলেছেন, আত্মসমর্পণ না করে পলাতক কোনো আসামির পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ নেই, তিনি বলেন, ‘পাসপোর্ট বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্র অপশন হলো, আপিল দায়ের করা।
আজ মঙ্গলবার দুপুরে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।শিশির মনির বলেন, মানবিক কারণে এবং বাংলাদেশে নিরাপত্তা হুমকি থাকায় ভারত সরকার ক্ষমতাচ্যুত সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে, ফলে ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট গত বছরের ৭ জানুয়ারি বাতিল করা হয়, কারও পাসপোর্ট বাতিল হলে আইন অনুযায়ী আপিল করতে হয়। বাতিল হওয়া পাসপোর্ট পুনরায় ইস্যুর জন্য আবেদন করার সুযোগ নেই। এ ক্ষেত্রে একমাত্র পথ আপিল করা। কিন্তু শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে কোনো আপিল করা হয়নি।
তিনি আরও বলেন, পাসপোর্টের জন্য আপিল করা একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে আবেদন করতে পারেন না। আইন অনুযায়ী কোনো আবেদন করতে হলে তাকে প্রথমে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।
স্টিভেন পওলস কেসির পাঠানো চিঠির প্রসঙ্গ তুলে শিশির মনির বলেন, তিনি জানিয়েছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত প্রস্তুত করার বিষয়ে হাইকমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে শিশির মনির বলেন, পাসপোর্টের আবেদন করা হলে কেউ পরামর্শ চান, নাকি পাসপোর্ট পাওয়ার আবেদন করেন, এ বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি পাসপোর্টের আবেদন নয়; বরং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চাওয়ার আবেদন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। তাই পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
শেখ হাসিনা নিজে ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনা যত বক্তব্য দিয়েছেন, সেগুলোতে তাঁকে দেখা যায়নি। এমনকি ভার্চুয়াল বক্তব্যগুলোতে বক্তা শেখ হাসিনা কি না, সেটিও স্পষ্ট নয়।
amardesh24.com









