আন্তর্জাতিক ডেস্ক।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন আহত হয়েছেন এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে শহরের ব্যস্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন।
পুলিশ ফোনে তার সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করছিল। এ সময় গুলির শব্দ শুনে কর্মকর্তারা কক্ষে প্রবেশ করেন। সেখানে ওই ব্যক্তিকে নিজেকেই গুলি করা অবস্থায় পাওয়া যায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট। ঘটনার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে অভিযান চালান।
জিমের ভেতরেও গুলি
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি পাশের একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।

গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে গেলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।
amardesh24.com









