মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় বরখাস্ত সেনাসদস্য লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন গাইবান্ধার মদনেরপাড়া গ্রামের মোঃ সোলাইমান শহিদের ছেলে, তাঁর বাবা ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক স্থানীয় ইউপি সদস্য।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিভিন্ন ধারায় লিমনকে কারাদণ্ড ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় তৎকালীন মহানগর দায়রা জজ মো, আব্দুর রহমানের বাসায় আত্মীয় পরিচয়ে প্রবেশ করেন লিমন মিয়া।
ওই পরিবারের সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ছিল। বাসায় ঢোকার পর একপর্যায়ে অতর্কিতে ছুরিকাঘাত করে বিচারকের ছেলে তাওসিফকে হত্যা করেন তিনি, এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন।
হত্যাকাণ্ডের পরদিন লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে ঘটনার ঠিক এক বছর পর আদালত এ রায় ঘোষণা করেন।
তদন্ত ও বিচারিক কার্যক্রমে জানা যায়, লিমন মিয়া একসময় সেনাবাহিনীতে সিপাহি পদে কর্মরত ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৮ সালে তাঁর চাকরি চলে যায়। পরে তিনি স্থানীয়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এ হত্যাকাণ্ড ঘটান।
রায়ের পর্যবেক্ষণে আদালত হত্যাকাণ্ডটিকে ‘পরিকল্পিত অপরাধ এবং বিচার বিভাগের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করে এর নৃশংসতার বিষয়টি তুলে ধরেছেন।
amardesh24.com









