স্পোর্টস ডেস্ক।
এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
দুই ওপেনার হাইম খান ও উসমান খান দুজনেই অর্ধশতক তুলে নেন। বাংলাদেশের বোলারদের মধ্যে কেবল রবিউল অনিক একটি উইকেট শিকার করতে সক্ষম হন, যা ছিল ম্যাচে টাইগারদের একমাত্র সাফল্য। এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশের বোলাররা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের হয়ে আল মুহি অর্ধশতক হাঁকালেও অন্য ব্যাটাররা ব্যর্থ হন। আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম ও অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন রান পাননি।

শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই ব্যর্থতার মাশুল দিয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো জুনিয়র টাইগারদের।
amardesh24.com








