ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নেই।আজ সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। সাবেক শেখ হাসিনা রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সম্ভাবনাও নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও দলটির নেতাকর্মীদের কোনো শিক্ষা হয়নি।
তিনি বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতেও দুর্নীতি নেই। এ পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। দলটির সাংগঠনিক তৎপরতা নেই। মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতেই তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না।
তথ্যমন্ত্রী পার্থ আরও বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করেছে, তাতে ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এসব ক্ষতির দায় সরকারের না হলেও দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে সরকারকে এর প্রভাব সামাল দিতে হচ্ছে। বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।
তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না।
amardesh24.com









