ভোরে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হালকা শীতের আমেজ উপেক্ষা করে সকাল থেকেই মানুষের ঢল নামে জয়পুরহাটের কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে।

সবার গন্তব্য নবান্ন উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মাছের মেলা। রঙিন কাপড়ের বিশাল প্যান্ডেল বেলুন দিয়ে সাজানো হয়েছে। সেখানে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে বড় আকারের রুই, কাতলা, চিতল, বিগহেড, সিলভার কার্প, কালবাউশ, গ্রাস কার্প, পাঙাশ, মিনার কার্প ও ব্লাডকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ।
মেলায় কেউ মাছের দরদাম করছেন, কেউ পছন্দের মাছ কিনছেন। আবার কেউ মাছের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

স্থানীয় সাংবাদিকদেরও মাছের ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়। প্রতিবছরের ধারাবাহিকতায় বুধবার এক দিনের জন্য কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে বসেছে এ মাছের মেলা।
এতে উপজেলার মাত্রাই, বিয়ালা, শগনা, গাড়োইল, শাইলগুন, উলিপুর, উদয়পুর, দুধাইল, নয়াপাড়া, তেলিহার, আপলাপাড়া, হাতিয়র, রাঘতপুর, হারুঞ্জ, বোরাই, পুনট, পাঁচগ্রাম, বেগুনগ্রাম, জিন্দারপুর ও ইমামপুরসহ ৭০ থেকে ৮০ গ্রামের মানুষ অংশ নেন।
amardesh24.com









