বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে এ নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য।
নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা সুরক্ষা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানো এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশের প্রাপক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশদাতা জানিয়েছেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় বর্ণিত রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে তিনি নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। প্রতিবেশী একটি দেশে সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থানের ফলে এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে নোটিশে উদ্বেগ জানানো হয়েছে।
এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এমনকি সামরিক সংঘাতের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং দেশটিতে ভয়াবহ আঞ্চলিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে।
amardesh24.com









