আর্থিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে একের পর এক সেবা সীমিত করা হচ্ছে। জেলার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে সহিংসতার জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রমও এখনো স্বাভাবিক হয়নি। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত সরকারি বরাদ্দ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (২৫ নভেম্বর) রাতে সরকারের নির্দেশনার পর গোপালগঞ্জে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক টাকা উত্তোলন, পাঠানোসহ জরুরি লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের দাবি, পুলিশের তদন্তে সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জেলার কিছু ব্যক্তি সেখানে আশ্রয় নিয়েছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এসব অর্থ ব্যবহারের আশঙ্কায় সাময়িকভাবে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট হিসাব বন্ধ করতে পারে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের কিছু হিসাবে স্বাভাবিকের তুলনায় বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেগুলো বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা পুনরায় চালুর কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন এজেন্টের দোকানে গ্রাহকদের ভিড় দেখা যায়। লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোঃ হাফিজ খান মোল্লা জানান, এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই লেনদেন করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন।
amardesh24.com





