পারিবারিক সম্পত্তি ও ওয়াক্ফ এস্টেটের ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা, হয়রানি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন ফাতেমা বেগম, নিজের ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরী, ভাইয়ের ছেলে ব্রিটিশ নাগরিক রিচার্ড চৌধুরী এবং তাঁদের সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি।
আজ শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ফাতেমা বেগম নিজেকে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মরহুম ইমাম হোসেন চৌধুরীর বড় ছেলে মরহুম এ জেড এম শামসুদ্দিন চৌধুরীর স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ১৩ নম্বর লাভ লেইনের সম্পত্তিটি একটি ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি। তাঁর স্বামী জীবিত থাকাকালে এস্টেটের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর বড় ছেলে সাকিব ইমাম চৌধুরী মোতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসছেন।
তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি ও ওয়াক্ফ এস্টেটের ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, মামলা ও হয়রানি চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
সম্প্রতি তাঁর ভাইয়ের ছেলে ব্রিটিশ নাগরিক রিচার্ড চৌধুরীর দায়ের করা অর্থ আত্মসাতের মামলাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ফাতেমা বেগম। তাঁর অভিযোগ, ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরীর প্ররোচনা ও ভুল তথ্যের ভিত্তিতে রিচার্ড তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় প্রয়াত ভাই ড. ফিরোজুল হক চৌধুরীর মৃত্যুসনদ ব্যবহার করে অর্থ উত্তোলনের যে অভিযোগ আনা হয়েছে, তা অস্বীকার করে তিনি বলেন, ভাইয়ের মৃত্যুর পর তাঁর কোনো অর্থ তিনি উত্তোলন করেননি। সংশ্লিষ্ট অর্থ ব্যাংকে সংরক্ষিত বা ফ্রিজ অবস্থায় রয়েছে। ব্যাংকের নথিপত্র যাচাই করলেই প্রকৃত বিষয়টি জানা যাবে।
ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফাতেমা বেগম বলেন, ২০২০ সালে তাঁর মালিকানাধীন স্মরণিকা ক্লাব ভেঙে ফেলা হয়। তাঁর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়েও বিভিন্ন সময়ে বিরোধ সৃষ্টি করা হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে অভিযোগ এবং একের পর এক মামলা করে তাঁকে ও পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, স্মরণিকা ক্লাবের আয়ের অর্থ দিয়ে তাঁর ছোট ছেলে বাসার পেছনে চারতলা ভবন নির্মাণ করেছেন। পাশাপাশি ক্লাবের অফিস ও ছায়ানীড় ভবনের নিচতলা থেকে তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের খাতাপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
ফাতেমা বেগমের দাবি, ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য ছোট ছেলের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তাঁকে বিভিন্ন সময়ে চাপ ও হুমকি দিয়েছেন। সম্পত্তি তাঁদের দাবি অনুযায়ী ভাগ করে না দিলে বড় ছেলে সাকিব ইমাম চৌধুরী ও চাচা কামাল উদ্দিনকে বিভিন্ন মামলায় জড়ানো এবং গ্রেপ্তারের ব্যবস্থা করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে পারিবারিক বিরোধ জটিল আকার ধারণ করে এবং ২০২৩ সাল থেকে তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার ধারাবাহিকতায় এবার ভাইয়ের ছেলে রিচার্ড চৌধুরীকে দিয়ে নতুন মামলা করানো হয়েছে বলে তাঁর অভিযোগ।
একজন মা হিসেবে নিজের ছোট ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জীবনে কখনো ভাবেননি যে নিজের সন্তান তাঁকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে।
বড় ছেলে সাকিব ইমাম চৌধুরীকে ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লির পদ থেকে সরানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন ফাতেমা বেগম। তাঁর আশঙ্কা, এস্টেটের সম্পত্তি ও কর্তৃত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ব্রিটিশ নাগরিকের সাত কোটি টাকা ইবিএল ব্যাংক থেকে উত্তোলনসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। তাঁর দাবি, পরদিন ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ওই সংবাদের প্রতিবাদ জানায়। এ ছাড়া ২০২৬ সালের ২৩ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ব্রিটিশ প্রবাসীর ব্যাংক থেকে সাড়ে সাত কোটি টাকা উধাও হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয় এবং ১ অক্টোবর ২০২৬ তারিখে একুশে টেলিভিশনেও এ-সংক্রান্ত মামলা নিয়ে সংবাদ প্রচারিত হয় বলে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
এসব সংবাদ ও মামলার বিষয়ে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে ফাতেমা বেগম বলেন, কোনো অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগে তা চূড়ান্ত সত্য হিসেবে প্রচার করা উচিত নয়।
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ, প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও ওয়াক্ফ প্রশাসনের কাছে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, হয়রানি ও হুমকির অভিযোগের অনুসন্ধান এবং ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি ও ব্যবস্থাপনার প্রকৃত অবস্থা যাচাইয়ের দাবি জানান।
তিনি বলেন, “আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা চাই নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং আমাদের পরিবারের বিরুদ্ধে চলমান মিথ্যা অভিযোগ ও হয়রানির অবসান।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব ইমাম চৌধুরী, ইফতেখার আহসান খান, অ্যাডভোকেট হাসিবুল হাসান, ইমরান চৌধুরী, সামিহা সাঈদ, সাব্বির হোসেন, রওশন জামিল চৌধুরী, ব্যাংকার তারিকুল আহসান খান ও আয়েশা বেগমসহ পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
amardesh24.com





