স্থাপিত চট্রগ্রামের বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, নগরের এলজিইডি ভবন ও ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর এই বিশেষ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গতকাল শুক্রবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, পুলিশ বক্স এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা তাঁদের নিয়মিত কাজেরই অংশ। নগরের সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যদের সব সময় প্রস্তুত রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সিএমপি সূত্রে জানা গেছে, মূলত এলজিইডি ভবন ও ভূমি অফিসে হামলার ঘটনার পর থেকেই নগরের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন এবং চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এদিকে, সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে জানান, আগামী ডিসেম্বর মাসকে ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, শুক্রবার জুমার নামাজের পর নগরের কোতোয়ালি থানার মুসাফিরখানা মসজিদ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা ১টি মিছিল বের করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে তাঁরা ৩টি সড়কে বিভক্ত হয়ে পালিয়ে যান। তবে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
amardesh24.com




