নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ।

আমারদেশ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি।

সংশোধিত রুটিন অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। ১৩ মে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা দিয়ে। ১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দেবে বাংলা-২ বিষয়ের পরীক্ষা। ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ড থেকে বিশেষ চাহিদাসম্পন্ন ১০৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ৭০ জন পরীক্ষার নির্ধারিত সময়সহ আরও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। বাকি ৩৯ জন শ্রুতিলেখকসহ অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষা দেবে। এ ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বসছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী।

ইতিমধ্যে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার চলার তিন ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। আর কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন কেউ চলাচল করতে পারবেন না। এসব নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান।

আরও পড়ুন