বিনোদন ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
গণহত্যার শিকার গাজাবাসীর পক্ষে প্রতিবাদী গান গাইলেন দেশের একঝাঁক সংগীতশিল্পী। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল।
এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।
গানটির শিল্পীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ফিলিস্তিনিদের কান্না আমাদের কানে পৌঁছানো উচিত। আমাদের দায়িত্ব তাদের কথা শোনা। যদি আমাদের ক্ষুদ্র কণ্ঠস্বরও তাদের বাঁচানোর চেষ্টায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের প্রতিবাদের অর্থ থাকে। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়বিচারের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন।









