শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।আজ রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। অতীতেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের অপসারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায় বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি শিক্ষার্থীদের শান্ত থেকে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ওই শিক্ষকের স্ত্রী রুপা বেগম স্বামীর বিরুদ্ধে এক তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই তরুণীর বাড়িতে অবস্থান নেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সহীলুদ্দীন বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। দ্রুতই বিদ্যালয়টি পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
amardesh24.com









