টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় এক সেনাসদস্য আহত হয়েছেন, এ সময় পাচারকারীদের জিম্মিদশা থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চক্রের তিন সদস্যকে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর নেতৃত্বে এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ অংশ নেয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাহাড়ে অবস্থান নেওয়া মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর সরাসরি গোলাগুলি হয়। এ সময় দায়িত্ব পালনকালে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে অপহৃত ও পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা রয়েছেন। তাঁদের সাগরপথে ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই দুর্গম পাহাড়ি আস্তানায় আটকে রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রের দাবি, ক্যাম্প এলাকার পরিচিত অপরাধী মো. আলম ও মো. সাদ্দাম ডাকাত চক্রটি নিয়ন্ত্রণ করছিল। যৌথ বাহিনী আস্তানায় অভিযান শুরু করলে পাচারকারীরা গুলি চালায়। জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পাচারের শিকার ব্যক্তিদের নিরাপদে উদ্ধারের লক্ষ্যে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এস সাজেদুর রহমান অভিযান চলার বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
amardesh24.com









