বিনোদন ডেস্ক।
সাইফ আলি খানের পারিবারিক সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। সেই আগ্রহ আরও বাড়িয়েছে জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নতুন মরশুমে সাইফ ও তাঁর স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খানের উপস্থিতি।
শোয়ের একটি বিশেষ পর্বে সাইফের ছেলে ইব্রাহিম আলি খানের পাঠানো ভিডিও বার্তা প্রচার করা হয়, সেখানে সৎ মা কারিনা সম্পর্কে প্রশংসা করার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যকার সুসম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সাইফ ও কারিনাও নিজেদের পারিবারিক বন্ধন এবং নানা অভিজ্ঞতার কথা জানান। ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের ‘হিরো’ ও আদর্শ হিসেবে উল্লেখ করেন ইব্রাহিম।
তবে তারকা হওয়ার কারণে নয়, বরং জীবনের নানা কঠিন পরিস্থিতি ও চড়াই-উতরাই পেরিয়ে আসার জন্য বাবার প্রতি তাঁর শ্রদ্ধা বেশি বলে জানান ইব্রাহিম। সাইফের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা এবং অতীতে বান্দ্রার বাসভবনে ছুরি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হ্যালো আব্বা এবং বেবো (কারিনা)।
বাবাকে উদ্দেশ করে ইব্রাহিম বলেন, বাবা, তুমি আমার রোল মডেল। আমার হিরো। তবে তুমি কে, তার চেয়েও বড় কথা তুমি কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ। জীবনের উঁচু-নিচু পথ, হার্ট অ্যাটাক, আঙুলের চোট, ছুরি হামলার ঘটনা- সবকিছুর পরেও তুমি টিকে আছ। আর সেই কারণেই তুমি আমার হিরো, এবং সবসময় এভাবেই থাকবে।
এরপর সৎ মা কারিনা কাপুর খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইব্রাহিম। তিনি বলেন, আর বেবো (কারিনা), আমি চাই তুমি জানো যে তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ স্টেপ-মাদার। তুমি সবসময় পাশে থেকেছ। তাই তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হ্যাম্পার কার পাওয়া উচিত, তা জানতে চাওয়া হলে কোনো দ্বিধা ছাড়াই বাবার নাম উল্লেখ করেন ইব্রাহিম।
পরিবারের সদস্যদের মধ্যে এমন সুসম্পর্ক গড়ে ওঠার বিষয়ে সাইফ আলি খান জানান, সবাইকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে কারিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পক্ষের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিমের সঙ্গে কারিনার চমৎকার সম্পর্ক গড়ে ওঠার কৃতিত্ব স্ত্রীকে দিলেও পরিবারের সবার পারস্পরিক সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সাইফ বলেন, সবাই ভীষণ চমৎকার। তবে এই সম্পর্কের পুরো কৃতিত্ব আমি অবশ্যই কারিনাকে এবং বাকিদের দেব। কারণ এই বিষয়গুলো দু’দিক থেকেই কাজ করে।
amardesh24.com









