স্পোর্টস ডেস্ক।
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের, শেষ চারে খেলার আশা টিকিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দলটির। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
আজ রোববার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে পাকিস্তান। খেলার ২ মিনিট পার হতেই নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। এতে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। চতুর্থ মিনিটে স্পট কিক থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। নবম মিনিটে বক্সের প্রান্ত থেকে দারুণ শটে জালে বল পাঠান নাজিব উল্লাহ। ২৪ মিনিটে আবারও মালদ্বীপের রক্ষণে ভুলের সুযোগ নেয় পাকিস্তান।
অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলে বল পেয়ে দূর থেকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন নাজিব উল্লাহ। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একসঙ্গে তিন খেলোয়াড় পরিবর্তন করে মালদ্বীপ। মাঠে নামানো হয় তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে। তবে তাতেও গোলের দেখা পায়নি দলটি।
৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট।
পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে, ৭১ মিনিটে বদলি হিসেবে নামা শায়েক দোস্ত সুযোগ কাজে লাগাতে পারলে পাকিস্তানের ব্যবধান আরও বাড়তে পারত।
ভারতের বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের হতাশা কাটিয়ে এই জয়ে ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে পাকিস্তান, অন্যদিকে, কঠিন সমীকরণের মুখে পড়েছে মালদ্বীপ। আগামী ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
amardesh24.com









