স্পোর্টস ডেস্ক।
শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ, ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন গোল করেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি দল। চতুর্থ মিনিটে আবারও রাকিবের বাড়ানো বল হামজার কাছে পৌঁছানোর উপক্রম হয়। তবে শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেন বাধা হয়ে দাঁড়ান। ফিরতি বল পেয়ে রাকিব ফাউলের শিকার হলে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেটি থেকে হামজার নেওয়া শট গোলবারের লক্ষ্যে ছিল না।
অষ্টম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকভাবে বল নিয়ন্ত্রণ করতে পারেননি। বল শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তাঁর প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে দ্বিতীয় চেষ্টায় জালে পাঠান তিনি। এতে এগিয়ে যায় বাংলাদেশ।
২৬ মিনিটে রাকিবের দারুণ পাস থেকে আবারও গোলের সুযোগ তৈরি হয়। বল পেয়ে হামজা ব্যাক হিলে জালে পাঠানোর চেষ্টা করেন। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর মধ্যে ম্যাচের ২০ মিনিট পার হলে খেলোয়াড়দের জন্য কুলিং ব্রেক দেওয়া হয়। বিরতির সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় হামজাকে। ডান প্রান্ত দিয়ে কয়েকবার বিপজ্জনক আক্রমণ চালান রাকিব। তবে তাঁর বাড়ানো সব বল সতীর্থদের কাছে পৌঁছায়নি।
৩৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কাও। তাদের একটি ভালো ক্রসে সতীর্থদের কেউ পা ছোঁয়াতে পারেননি। কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে ওঠেন ফারহান, তবে সেই প্রচেষ্টা থেকে গোল আসেনি।
amardesh24.com









