আন্তর্জাতিক ডেস্ক।
জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তিন দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে সক্রিয় তিনি। ‘টাইটানিক’, ‘ইনসেপশন’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও বিনিয়োগের মাধ্যমেও সম্পদ গড়েছেন এই তারকা। সব মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৬৬০ কোটি টাকা।
সম্পদবিষয়ক ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওর্থ, বিনোদনবিষয়ক সাময়িকী প্যারেড এবং অর্থবিষয়ক ওয়েবসাইট ইনভেস্টোপিডিয়ার প্রকাশিত হিসাবেও ডিক্যাপ্রিওর সম্পদের পরিমাণ ৩০ কোটি ডলার উল্লেখ করা হয়েছে।
সিনেমা থেকে শত শত কোটি টাকা
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমা ডিক্যাপ্রিওর ক্যারিয়ারে বড় পরিবর্তন নিয়ে আসে। জেমস ক্যামেরনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় জ্যাক ডসন চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি।
সিনেমাটিতে অভিনয়ের জন্য শুরুতে ২৫ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছিলেন ডিক্যাপ্রিও। তবে বক্স অফিসের আয়ের একটি অংশ পাওয়ার চুক্তি থাকায় শেষ পর্যন্ত তাঁর মোট আয় দাঁড়ায় প্রায় ৪ কোটি ডলারে।
ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’ সিনেমা থেকেও বড় অঙ্কের অর্থ আয় করেন এই অভিনেতা। এতে অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিকের পাশাপাশি বক্স অফিসের আয়ের অংশ পাওয়ার চুক্তি করেছিলেন তিনি। সব মিলিয়ে সিনেমাটি থেকে তাঁর আয় হয় প্রায় ৬ কোটি ডলার।
‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমার জন্য প্রাথমিকভাবে ২ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি করেছিলেন ডিক্যাপ্রিও। এতে প্রযোজক হিসেবে তাঁর পারিশ্রমিকও অন্তর্ভুক্ত ছিল। তবে সিনেমাটির নির্মাণব্যয় বেড়ে যাওয়ায় নিজের পারিশ্রমিকের একটি অংশ স্থগিত রাখেন তিনি। শেষ পর্যন্ত এ সিনেমা থেকে তাঁর আয় দাঁড়ায় প্রায় ১ কোটি ডলার।
amardesh24.com









